পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ও জাহাজটির নাবিকদের সুষ্ঠুভাবে দ্রুত সময়ের মধ্যে মুক্ত করতে সরকার চেষ্টা চালাচ্ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে এবং পিঅ্যান্ডআই ক্লাবের মাধ্যমে জাহাজটিকে এবং জাহাজের যারা নাবিক তাদেরকে সুষ্ঠুভাবে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, আমরা কোন প্রক্রিয়ায় এগোচ্ছি সেটি বলতে চাই না। কারণ এটি জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়। তবে আমাদের প্রচেষ্টা হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নাবিক এবং জাহাজ দুটোকেই মুক্ত করা।

তিনি আরো বলেন, আপনারা জানেন, একই কোম্পানির আরেকটি জাহাজ ২০১০ সালে হাইজ্যাক হয়েছিল। সেটিকে মুক্ত করতে ১০০ দিন সময় লেগেছিল। আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই। আমরা নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছি, ইনশা আল্লাহ আমরা আশা করছি, অতীতের মতো এবারো সম্পূর্ণ সুষ্ঠুভাবে জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে পারব।
বর্তমান প্রজন্মের নেতাকর্মীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতি হচ্ছে একটি ব্রত। রাজনীতি সমাজে প্রতিষ্ঠা লাভের কিংবা বিত্তবৈভব অর্জনের সোপান নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেননি। বঙ্গবন্ধু যদি মতার রাজনীতি করতেন তাহলে আইয়ুব খানও তাকে প্রধানমন্ত্রী হতে বলেছিলেন, তিনি সেটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। তিনি বাঙালিদের মুক্তি চেয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড. মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী।