শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় দেশের একমাত্র নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দেয়া ছয় মাসের সাজা বাতিল করেছেন আদালত। একই সাথে এ মামলায় ড. ইউনূসসহ চারজনের আপিল মঞ্জুর করে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য জেলা ও দায়রা জজ এম এ আউয়ালের আদালতে উভয়পক্ষের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত বলেন, বিনা খরচায় আপিল মঞ্জুর করা হলো এবং চার আসামিকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হলো।
এ দিন বেলা ৩টা ৫৫ মিনিটে আদালতে ড. মুহাম্মদ ইউনূসের আপিলের শুনানি শুরু হয়। তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন শুনানি করেন। তিনি আদালতে বলেন, হাইকোর্ট এ মামলাটি অতিদ্রুত নিষ্পত্তি করতে বলেছেন। আর আমরা হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করিনি। এরপর তিনি বলেন, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ অন্যদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। একই সালের ১৪ সেপ্টেম্বর মামলার বাদি এস এম আরিফুজ্জামান মারা গেছেন। আইন অনুযায়ী একজনের পরিবর্তে আরেকজন বাদি হতে পারে না। তিনি আরো বলেন, বাদি না থাকা সত্ত্বেও দীর্ঘদিন নিম্ন আদালতে হাজিরা দিয়েছেন বলে আদেশে আছে। আর মামলায় বাদির বক্তব্য ও সাক্ষীর বক্তব্যের মধ্যে মিল নেই।
একটি মিথ্যা মামলা দিয়ে একজন সম্মানিত ব্যক্তিকে সাজা দিয়ে অপমান অপদস্থ করা হয়েছে। এটি ন্যায়বিচারের পরিপন্থী। তিনি আরো বলেন, শ্রম আইনের ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অথচ এখানে কোনো অপরাধ নেই। এ মামলার বিচারের ক্ষেত্রে কোথাও আইনের বিধান অনুসরণ করা হয়নি।
অন্য দিকে মামলার বাদিপক্ষে কোনো আইনজীবী না থাকায় মামলার বাদি শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম নিজেই শুনানি করেন। আদালত তাকে শুনানির জন্য ডাকলে তিনি বলেন, আমরা আইনের লঙ্ঘন পেয়েছিলাম বলে মামলা করেছিলাম।
আইন লঙ্ঘনের বিষয়ে রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু নোটিশের প্রাপ্তি স্বীকার আমরা পাইনি।
এরপর আদালত প্রশ্ন করেন আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতি চেয়েছেন, আপনি কী চান? জবাবে তরিকুল ইসলাম বলেন, আপনি যে সিদ্ধান্ত দিবেন সে সিদ্ধান্ত আমি এবং আমরা মেনে নেবো।
এরপর আদালত ৫ মিনিট পর আদেশ দেবেন বলে জানান। ৫ মিনিট পর আবারো আদালত বসেন। আদেশে আদালত বলেন, আপিল মঞ্জুর করা হলো। ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে অব্যাহতি দেয়া হলো।
ড. ইউনূসসহ এ মামলায় অন্য বিবাদি গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো: শাহজাহান।
আজ দেশে আসছেন
বাসস জানায়, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ দেশে আসছেন। দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার সময় বেলা ২টা ১০ মিনিটে (জিএসটি+৬) দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে (ইকে-৫৮২) বিমানবন্দরে এসে পৌঁছবেন।





