মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ থাকা দু’ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ অন্যদের বিকেল ৪টায় পেছনের ফটক দিয়ে বের করে নিয়ে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নিরাপদে উপদেষ্টাদের বের করা হয়েছে।’

এর আগে, দুপুর সোয়া ২টার দিকে উপদেষ্টারা বের হবেন শোনার পর শিক্ষার্থীদের একটি দল মূল ফটক আটকে দেয়। এ সময় পুলিশের একটি ডাবল কেবিন পিকআপও ভাঙচুর করা হয়।

এ সময় কয়েক প্লাটুন দাঙ্গা পুলিশ আসতে দেখা যায়। বিকেল ৩টার দিকে এক প্লাটুন এপিবিএন, কয়েক প্লাটুন ডিএমপির রিজার্ভ পুলিশ, এক প্লাটুন এটিইউ আসে মাইলস্টোন ক্যাম্পাসে।

শিক্ষকরা এ সময় শিক্ষার্থীদের দূরে সরিয়ে দেন এবং বের হয়ে যেতে বলেন। বাড়তি পুলিশের উপস্থিতির মধ্যে বিক্ষোভ থামিয়ে ক্যাম্পাস থেকে সরে যান অধিকাংশ শিক্ষার্থী।