বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
মরহুমের জানাজা আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।
জানাজা শেষে আইজিপি মো: আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।
ড. এম. এনামুল হক ১৯৯১ সালের ১৬ অক্টোবর থেকে ১৯৯২ সালের ৮ জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৩৮ সালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ড. এম. এনামুল হক ১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্স থেকে লোক প্রশাসনে পিএইচডি করেন। এছাড়া তিনি দেশ-বিদেশের বহু খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন।
তিনি আইন কমিশন বাংলাদেশের সদস্যসহ দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। তিনি ১৯৮৮ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ইন্টারপোলের একমাত্র নির্বাচিত সদস্য ছিলেন।
একজন সুলেখক হিসেবে ড. এম. এনামুল হকের খ্যাতি ছিল। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪টি। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বহু খ্যাতনামা পত্রিকা ও জার্নালে নিয়মিত কলাম লিখতেন।
মরহুমকে গোদাগাড়ীতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আইজিপির শোক
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো: আলী হোসেন ফকির ড. এম. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইজিপি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শোক
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ড. এম. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। ঢাকা জেলার পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।









