রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
বুধবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর স্টেলা গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপর স্টেলা গেটের (ইলেকট্রিক পিল নম্বর জে-৩) সংলগ্ন এলাকায় ওই নারীকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সকাল ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্ঘটনার পর তার আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সাইদুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।’
তিনি জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়েছে।






