যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনায় ঐতিহাসিক সফলতা অর্জনের জন্য বাংলাদেশী আলোচক দলের প্রতি অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ঐতিহাসিক এ বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (১ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।

তিনি বলেন, শুল্কহার ৩৭ শতাংশ থেকে কমে ২০ শতাংশ নির্ধারণ হওয়া আমাদের জন্য এক ঐতিহাসিক অগ্রগতি। প্রত্যাশার তুলনায় ১৭ শতাংশ কমিয়ে এনে আমাদের আলোচকরা যে কৌশলগত দক্ষতা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় অঙ্গীকার দেখিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দীর্ঘ ও জটিল এই আলোচনায় আমাদের প্রতিনিধিরা শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট নানা ইস্যু অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। এই চুক্তির মাধ্যমে আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা বজায় থাকল, যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাজারে প্রবেশাধিকার আরো সুদৃঢ় হলো এবং জাতীয় স্বার্থের সুরক্ষা নিশ্চিত হলো।

তিনি বলেন, এই অর্জন প্রমাণ করে যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির দুয়ারই খুলে দিলো না, বরং ভবিষ্যতের দীর্ঘমেয়াদি সমৃদ্ধির ভিত্তিও রচনা করল। আজকের এই সফলতা জাতির দৃঢ়তা এবং ভবিষ্যতের একটি শক্তিশালী অর্থনীতির সাহসী দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ।