স্কুল ছুটির সময় প্রশিক্ষণটি বিমানটি বিধ্বস্ত হয়ে স্কুল ভবনের প্রবেশমুখে আছড়ে পড়ে। যে ভবনে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলে। কিছু শিক্ষার্থী ক্লাসরুম থেকে বের হয়েছিল, বাকিরা বের হচ্ছিল। ঠিক এমন সময় বিমানটি আছড়ে পড়ে।

সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওই ভবনের প্রবেশমুখে বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। এখনও প্রায় দুইশ’ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

ঘটনার পর পরই সিনিয়র সেকশনের শিক্ষার্থীরা উদ্ধার কাজে নেমে পড়ে। সিনিয়র শিক্ষার্থীরা জানায়, দুর্ঘটনা কবলিত ওই ভবনের প্রবেশের জন্য একটিমাত্র প্রবেশদ্বার রয়েছে। ঘটনার পরপরই বিমান বাহিনীর হেলিকপ্টার স্কুল মাঠে এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু জেট ফুয়েলের আগুনের জন্য তা ব্যাহত হয়।