জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান বলেছেন, ‘রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম নিরাপদ সড়ক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
রোববার (২২ জুন) দুপুর ৩টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের বাস্তবায়নাধীন এসআইবিই-এনআইএমসি প্রকল্পের আওতায় ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক পাঁচদিন ব্যাপী (১৮-২২ জুন) প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে ১৮ জুন ২০২৫, প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবা ফারজানা।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহম্মদ হিরুজ্জামান বলেন, ‘নিরাপদ সড়ক পরিকল্পনায় সাংবাদিকগণ তাদের মেধা, মনন ও পেশাদারিত্ব দিয়ে সড়ক বিষয়ক রিপোর্টিংয়ে নতুনত্ব নিয়ে আসবেন এবং জনকল্যাণে অনুসন্ধানী সাংবাদিকতায় দৃষ্টান্ত স্থাপন করবেন।’
এর আগে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তারা ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন।
পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণে অনুশীলন রিপোর্টিং, নিরাপদ সড়ক বিষয়ক গবেষণা রিভিউ, একক ও দলীয় উপস্থাপনা, তাত্ত্বিক ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিখন প্রক্রিয়ায় স্বতঃস্ফুর্তভাবে প্রশিক্ষণার্থীরা অংশ নেন। প্রশিক্ষণার্থী হিসেবে দেশের বিভিন্ন গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশ নেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রশিক্ষণ উপদেষ্টা ড. মো: মারুফ নাওয়াজ (পরিচালক প্রশিক্ষণ অনুষ্ঠান), প্রশিক্ষণ পরিচালক- মোহাম্মদ আবু সাদেক ও উপ-পরিচালক, সুমনা পারভীন।
মরিয়ম মীমের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অভিজ্ঞতা বিনিময় করেন মো: মোহসিন হোসেন ও মিফতাহুল জান্নাত।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান।









