আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো নাশকতা রোধে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনা মোতায়নের সিদ্ধান্ত হয়েছে। সোমবারের মধ্যেই এ সংক্রান্ত আদেশ জারি হবে বলেও জানান তিনি।

তিনি জানান, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠির আদেশ পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্য সোমবার থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে, রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য ডিএমপিতে ১৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে।