জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘আমরা সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সফল হয়েছি। এটা আমাদের পোশাক খাত ও এই খাতের ওপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ।’
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তার প্রতিক্রিয়ায় খলিলুর রহমান এ কথা জানিয়ে বলেছেন, ‘আমরা সতর্কতার সাথে আলোচনা করেছি, যাতে আমাদের প্রতিশ্রুতিগুলো জাতীয় স্বার্থ ও সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।’
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন, ‘আমাদের পোশাকশিল্পকে সুরক্ষা দেয়া ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। তবে আমরা মার্কিন কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতিতেও গুরুত্ব দিয়েছি। এতে আমাদের খাদ্যনিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা মিলবে এবং যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান অঙ্গরাজ্যগুলোর সাথে সদ্ভাব গড়ে উঠবে।’
খলিলুর রহমান বলেন, ‘আমরা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতাও ধরে রেখেছি এবং বিশ্বের সবচেয়ে বড় ভোক্তাবাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করেছি।’









