ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ রোববার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রায় ৩৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন জাতীয় ঈদগাহের প্রধান জামাত (চাঁদ দেখা সাপেক্ষে) সোমবার সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। এ বছর ঢাকা মহানগরীতে ১১১টি ঈদগাহে এবং ১৫৭৭টি মসজিদসহ মোট ১৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে পুরো জাতীয় ঈদগাহ মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য সবসময় প্রস্তুত থাকবে ডিএমপির বম্ব স্কোয়াড, সোয়াট ও ক্যানাইন (কে-৯) ইউনিট।

জাতীয় ইদগাহ মাঠে আগত মুসল্লিদের জন্য থাকবে নির্দিষ্ট পার্কিং এলাকা। জিরো পয়েন্ট, সরকারি কর্মচারি হাসপাতাল, দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয় এর ভবনের পাশের গলি, ইউবিএল ক্রসিং, কন্ট্রোল রুম গ্যাপ ও মৎস্যভবন ক্রসিং এ ডাইভারশন থাকবে। ডিএমপির পক্ষ থেকে সকলকে ট্রাফিক নির্দেশনাসমূহ অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী বলেন, এবারের ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

ডিএমপি কমিশনার ঢাকা মহানগরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো: নজরুল ইসলাম, পিপিএম-সেব,.

অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।