১১ দলীয় জোটের ৮ দফা দাবিতে ঢাকা টু রংপুর লংমার্চে সিরাজগঞ্জের হাটিকুমরুলের বিশাল জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে বিএনপি জনগণের সাথে বেঈমানি করছে। জনগণের সাথে প্রতারণা করছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে ধোঁকাবাজি করছে।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় লংমার্চের জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, ‘কাঠফাটা রোদের মধ্যে আপনাদের দাঁড়িয়ে থাকাই প্রমাণ করে ৮ দফা দাবি আদায়ে আপনারা প্রস্তুত আছেন। এটা দেখে আমাদের আস্থা বেড়ে গেল। ৮ দফা দাবি না মানলে ১ দফার জন্য আপনারা প্রস্তুত হন। দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘সারাদেশে দখলদারি, চাঁদাবাজি লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। জুলাইয়ের দাবি ছিল দেশের সংস্কার, গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু বিএনপি জুলাই চেতনা পদদলিত করে একচেটিয়া দলীয়করণ করছে। তারা ফ্যাসিবাদের পথেই হাঁটছে, যা চলতে দেয়া যায় না। জনগণের গণভোটের রায় বাস্তবায়নে তাদের বাধ্য করা হবে।’
জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘জনগণের মতামতের প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে।’
এনসিপি আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৭০ ভাগ মানুষ গণভোটের রায় দিয়েছিলাম। ফ্যামিলি কার্ড দিয়ে কর্মসংস্থান করার কথা বলেছিলেন, কিন্তু সেটা কি হয়েছে? হয়নি। বিদ্যুৎ সঙ্কট, গ্যাস সঙ্কট, সার সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর পাঁয়তারা করছেন। আমরা বারবার জুলাইয়ে জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না।’
তিনি বলেন, ‘সংসদে প্রতিবাদ ও রাজনৈতিকভাবে বিষয়টি তুলে ধরার পরও যদি জনগণের প্রত্যাশা পূরণ না হয়, তাহলে রাজপথে কর্মসূচি দেয়ার বিকল্প থাকে না। সেই ধারাবাহিকতায় ১১ দলীয় জোটসহ আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ পালন করছি। আমরা শান্তিপূর্ণ লংমার্চ পালন করছি। লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে।’
এর আগে ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে লংমার্চ রওনা হয়ে জামায়াত আমির ডা: শফিকুর রহমান বিভিন্ন পথসভায় অংশ নিয়ে দুপুর ২টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলের জনসভায় পৌঁছান।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সচিব সারজিস আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবারপার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।





