সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালনে আজ শনিবার সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ আগস্ট) সারাদেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান হবে এবং ঢাকায় হবে সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন।

খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বিএনপির চেয়ারপারসন ছিলেন।

বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, যিনি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।