জেলহত্যা দিবস উপলক্ষে আজ শনিবার এক আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ।
শনিবার বিকেল ৩টায় রাজধানীর রমনার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সভায় সভাপতিত্ব করবেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
আজকের সভায় কাদের সিদ্দিকী স্পষ্ট করবেন কোন জোটে থাকবেন বা কোন রাজনৈতিক জোটের সঙ্গী হবেন। এমনকি তিনি হয়তো কোন চমকও দেখাতে পারেন। এর আগে এক সাংবাদিক সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন।
ইতোমধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকীর বাসায় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে নৈশভোজ শেষে এ তথ্য জানান ড. কামাল হোসেন।
গত ২৫ অক্টোবর রাতে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই।’
অন্যদিকে, কাদের সিদ্দিকীর বাসায় গত মঙ্গলবার রাতে বৈঠক করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেড় ঘণ্টার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের বিষয়বস্তু তুলে ধরেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি জাতীয় স্বার্থে কাদের সিদ্দিকীর অবদান ও ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে অনুরোধ জানান।
আরো পড়ুন : গণভবনের সংলাপে কেন নেই মাহী?
নয়া দিগন্ত অনলাইন, ০২ নভেম্বর ২০১৮, ২০:৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নিতে তার সরকারি বাসভবন গণভবনে পৌঁছেছেন বিকল্পধারা ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
সংলাপে বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ১৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে গণভবনে যান জোটের ২১ নেতা।
কিন্তু এতে বিকল্পধারার অন্যতম নেতা মাহী বি. চৌধুরী যোগ দেননি। কেন তিনি সংলাপে অংশ নেননি জানতে চাইলে বিকল্পধারার পক্ষ থেকে জানানো হয়, মাহী বি চৌধুরী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাই তিনি সংলাপে অংশ নিচ্ছেন না।
বি চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে আছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এবং নির্বাহী সদস্য সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী।
এছাড়া সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এনডিপি) খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মঞ্জুর হোসেন ইশা, বাংলাদেশ জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান, জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের সভাপতি দীলিপ কুমার দাশ এবং লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী যুক্তফ্রন্টের পক্ষে সংলাপে অংশ নিয়েছেন।
যুক্তফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সংলাপ শেষে রাতে বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় সাংবাদিকদের ব্রিফ করা হবে।
এর আগে গত ৩১ অক্টোবর বিকল্পধারার চেয়ারম্যান বি. চৌধুরী সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন। এরপর গণভবনে তাদের শুক্রবার সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় আওয়ামী লীগ।
একইসঙ্গে গণভবনে নৈশভোজে সাদা ভাত, লাল আটার রুটি, ফুলকপি, সিম, আলু ভাজি, যেকোনো মাছের ঝোল ও মসুরের ডাল রখার জন্য বি. চৌধুরীরর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।








