জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের নামে দন্ডিত খালেদা-তারেকের মুক্তির চেষ্টাসহ তাদের দুর্নীতি ও অপকর্ম ঢাকতে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল নানা চেষ্টা করছেন। ড. কামাল হোসেন ঐক্যফ্রন্টের মাথা নয়, ঐক্যফ্রন্টের মুখ বিএনপি আর লেজ হচ্ছেন কামাল হোসেন।

রোববার শিবালয় উপজেলার বরংগাঈল বাসস্ট্যান্ডে মানিকগঞ্জ-১ আসনে ১৪ দলীয় জোটের পক্ষে জেলা জাসদ সম্পাদক আফজাল হোসেন খান জকিকে প্রার্থী করার দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইনু এ কথা বলেন।

শিবালয় উপজেলা জাসদ সভাপতি কেএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন খান, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ার, সদস্য আজিজুর রহমান, জেলা জাসদ সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেন,‘৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর রাজনীতিতে খেলা-খেলা শুরু হয়েছে। একটি মিউজিক্যাল চেয়ার খেলা অর্থাৎ একবার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আরেকবার রাজাকারের সরকার। এ খেলা বন্ধ করতে হবে। দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে হবে। তিনি বলেন, গণতন্ত্রে আপোষ আছে তবে রাজাকারের সাথে নয়।

ঐক্যফ্রন্ট গঠন ও নেতৃত্ব প্রসঙ্গে ড. কামাল হোসেনের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলা, রাজবন্দী ও নিরপেক্ষ সরকারের সংজ্ঞা কি? এগুলো সংবিধানের কোন পৃষ্ঠায় লেখা আছে। এছাড়া, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার বিধান পৃথিবীর কোন দেশে আছে।

তথ্যমন্ত্রী বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আরো বলেন, আগুন সন্ত্রাস, হত্যা ও খুনের মাফ নাই। জাসদ মাফ করতে জানে না। অতীতের সকল অপকর্মের কৈফিয়ত দিতে হবে।