১৪ দলের কোন নেতাকে মন্ত্রিসভায় স্থান দেয়া হয়নি। শতভাগ আওয়ামী লীগের মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে শরিকরা ক্ষুব্ধ হলেও কেউ প্রকাশ্যে কিছু বলতে চাননি। তবে রাশেদ খান মেনম গতকাল এ বিষয়ে তার মুখ খুলেছেন।

১৪ দলের কোনও নেতাকে মন্ত্রিসভায় না নেওয়ার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

গতকাল সোমবার সচিবালয়ে শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, ‘কথা ছিল আন্দোলন, নির্বাচন আর সরকার গঠন একসাথে হবে। কিন্তু শরিকদেরকে সরকারে অর্ন্তভুক্ত করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। ব্যাখ্যাও হয়তো চাওয়া হতে পারে।’

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাশেদ খান মেনন নতুন মন্ত্রিসভার সদস্যদের স্বাগত জানান এবং তারা ভালো করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।