বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ সংসদ সদস্য প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের আবির্ভাবে হতে দেয়া যাবে না।’

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মতিঝিল দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, ‘জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয় বরং মানবিক সংগঠন। অন্য রাজনৈতিক দলের মতো জামায়াতে ইসলামী কেবল গতানুগাতিক রাজনীতি করে না। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে মানবিক দায়িত্ব পালন করে আসছে। যেখানে মানুষের দুর্ভোগ, দুর্দশা সেখানে ছুটে যায় জামায়াতে ইসলামী।’

তিনি বলেন, ‘৫ আগস্ট পরবর্তী যারা সারাদেশে খুন, ধর্ষণ, লুটপাট, সন্ত্রাসী আর চাঁদাবাজি করছে তারা এদেশে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তারা নিজেদেরকে দেশের মালিক মনে করতে শুরু করেছে। চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে যারা নিজেরা নিজেদের ২ শতাধিক নেতাকর্মীকে খুন করেছে তাদের কাছে দেশ ও জাতি কখনো নিরাপদ নয়। তাদেরকে ভোটের মাধ্যমেই বয়কট করতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকা-৮ আসনে এক প্রার্থী নিজের জন্ম এখানে; বাবার জন্ম এখানে বলে মানুষের কাছে ভোট চাচ্ছে। ওই প্রার্থীকে জনগণ অতীতে নির্বাচিত করলেও তিনি নিজের উন্নতি ছাড়া জনগণের জন্য কিছু্ই করেননি। বাপ-দাদার জন্ম এখানে বলার সাথে সাথে বাপ-দাদার পরিচয় এবং কর্ম কী ছিল সেটিও জনগণের সামনে তুলে ধরতে তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রতি আহ্বান জানান।

ঢাকা-৮ আসনের জনসাধারণের উদ্দেশে ড. হেলাল উদ্দিন বলেন, যারাই ভোট চাইতে যাবে তাদের কাছ থেকে জানতে হবে অতীতে তারা জনগণের জন্য কী করেছে। কীভাবে ব্যাংকের মালিক হয়েছে কীভাবে স্কুল-কলেজসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে সেই জবাব নিয়ে আগামীতে ভোট দিতে তিনি ঢাকা-৮ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব উল্লেখ করে তিনি জামায়াতে ইসলামীকে পরীক্ষামূলক একবার নির্বাচিত করা আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গীকার, জাতি পাবে নিরাপদ এক কল্যাণ রাষ্ট্র। জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন কল্যাণ ও মানবিক নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো: ইমাম হোসেনের পরিচালনায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন। পরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক কচি কাচাঁর মেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. হেলাল উদ্দিন।