তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিই রাজনীতিতে বণিকায়ন ও দুর্বৃত্তায়নের সূত্রপাত করেছে। সেনা ছাউনির ভেতর থেকে জিয়াউর রহমান অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিএনপির জন্ম দেন। তারা সেই ধারাই বজায় রেখে রাজনীতিকে কলুষিত করেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী এসময় প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়াকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, তিনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন, বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী লাভ করেছেন, এর কোনো কিছুতেই তার কোনো অহংবোধ প্রকাশ পায়নি।
প্রজ্ঞাবান ও বিনয়ী এই মানুষটির জীবন থেকে অনেক কিছু শেখার আছে, যা নিয়ে আমরা নিজেদের উন্নত ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারি। সমকালীন রাজনীতি প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, একজন স্বীকৃত দুর্বৃত্ত, যার নেতৃত্বে ২১ আগস্টে গ্রেনেড হামলা হয়েছে, যার নেতৃত্বে হাওয়া ভবন চলতো, এমন কাউকে রাজনৈতিক দলের নেতৃত্ব দিলে কি হতে পারে, তা সহজেই অনুমেয়। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি লন্ডনে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানের সেই দুর্নীতি-দুর্বৃত্তির বিভিন্ন তথ্যই তুলে ধরেন।
বিএনপি নেতা মির্জা ফখরুল সেই বক্তব্যকে ‘গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ’ বলেছেন। অথচ আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে বিএনপি।’ তিনি বলেন, এসব কারণেই বিএনপি আজ জনবিচ্ছিন্ন, ২০ দলীয় জোটে আজ ভাঙ্গনের সুর, ঐক্যফ্রন্টে ঐক্য নাই। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, অভিনেতা ও শিক্ষাবিদ ড. এনামুল হক প্রমুখ।





