বিরোধী দলের নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উন্নত চিকিৎসার জন্য টাকা নেই- জাতীয় সংসদে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার এমন বক্তব্যে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিব্রত ও ক্ষুব্ধ হয়েছে। নেতাকর্মীরা মনে করেন, তার এই বক্তব্যে এরশাদকে দেশবাসীর সামনে খাটো করা হয়েছে। গত বৃহস্পতিবার মশিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এমন বক্তব্য দেন। এরআগে জাপার বিভাগীয় সাংগঠনিক সভায়ও একই ধরণের বক্তব্য রাখেন তিনি। রাঙ্গার এ বক্তব্যে দল ও দলের বাইরে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাঙ্গাকে নিয়ে জাপার নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
৯০ -এর দশকে প্রথম দুই র্টামে এরশাদ জেলে থাকা অবস্থায় এমপি নির্বাচিত হন। তারপর থেকে প্রতিটি সংসদ নির্বাচনেই তিনি এমপি নির্বাচিত হয়ে আসছেন। গত আওয়ামী লীগ সরকারে এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিলেন। চলতি সংসদে তিনি বিরোধীদলের নেতার দায়িত্বে রয়েছেন।
জিএম কাদের এরশাদের চিকিৎসার বিষয়ে বলেন, আমাদের দলে অর্থ সংকট থাকলেও হুসেইন মুহম্মদ এরশাদের উন্নত চিকিৎসার জন্য অর্থের সংকট নেই। প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। পিএম উইল টেক কেয়ার। মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, অর্থের অভাবে এরশাদের উন্নত চিকিৎসা করা যাচ্ছে না, এ বক্তব্যের জবাবে জিএম কাদের বলেন, একথা সঠিক নয়।
জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি বলেন, এরশাদ সাহেবের চিকিৎসা করতে টাকা লাগে না। সিএমএইচে তার সর্ব্বোচ চিকিৎসা চলছে। বিরোধীদলের নেতা হিসেবে তিনি সরকারি সকল সুবিধা পান। তিনি সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি ছিলেন। উনার উন্নত চিকিৎসার জন্য অর্থ সংকট হবে না।
এ প্রসঙ্গে পার্টির অর্থ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার বলেন, অর্থের অভাবে এইচ এম এরশাদের উন্নত চিকিৎসা হচ্ছে না এ কথাটি সঠিক নয়। এইচ এম এরশাদের পযাপ্ত অর্থ রয়েছে। এছাড়া এইচ এম এরশাদ যে ট্রাস্ট গঠন করেছেন সেখানে নগদ ১০ কোট টাকা রয়েছে সেখান থেকে তিনি অর্থ উত্তোলন করতে পারেন।





