সিএমএইচ-এ চিকিৎসাধীন বিরোধী দলের নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে দুর্বৃত্তরা অপহরণের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) মো. খালেদ আখতার সোমবার বিকেল ৩ টার দিকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৫৫২) করেছেন।

এ বিষয়ে মেজর (অব.) খালেদ আখতার বলেন, এরিক রাজধানীর গুলশানে প্রেসিডেন্ট পার্কে তার বাবা এরশাদের সাথে থাকেন। গত কয়েকদিন ধরে একটি রবি নম্বর থেকে এরিক এরশাদকে ফোন দিয়ে তাকে অপহরণের হুমকি দিচ্ছে। তবে তারা নিজেদের পরিচয় দেয় না। হঠাৎ কেন এমন হুমকি, তা আমরা জানি না। আমি এ বিষয়ে থানায় জিডি করেছি।

এ বিষয়ে গুলশান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান বলেন, জিডি হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। আমরা তদন্ত শুরু করেছি। তবে যে নম্বর থেকে ফোন দিয়েছে, সেই নম্বরগুলো এরিক সংগ্রহ করে রাখতে পারেনি। পরবর্তীতে এমন ফোন আসলে নম্বর সেভ করে রাখতে বলা হয়েছে।

এদিকে এরিকের মা বিদিশা ছেলের নিরাপত্তা চেয়ে করা জিডির প্রতিক্রিয়ায় বলেন, রাজনীতির এই নোংরা খেলায় বাদ যাচ্ছে না আমার প্রতিবন্ধী শিশু এরিকও। আমার ভয়, আমার ছেলেকে নিয়ে নতুন করে কোনও ষড়যন্ত্র হচ্ছে না তো? পিতার জীবন-মৃত্যুর এই সন্ধিক্ষণে আমার এই প্রতিবন্ধী অবুঝ সন্তানটিকে নিয়ে কোনও নোংরা রাজনৈতিক খেলা হচ্ছে না তো? প্রতিবন্ধী শব্দটি মা হিসেবে তাকে ব্যথিত করে মন্তব্য করে বিদিশা বলেন, সন্তান তো সন্তানই। প্রত্যেক মা-বাবার কাছে তার সন্তানই শ্রেষ্ঠ সন্তান।

তিনি জানান, অনলাইন নিউজে দেখে তিনি গুলশান থানায় ফোন করেছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বন্ত করেছেন।