নগর ভবনের দরজা শুধুমাত্র মন্ত্রী, এমপি, কাউন্সিলরদের জন্য খোলা থাকবে না। ঢাকাবাসীর নাগরিক সেবা নিশ্চিত করার জন্য নগর ভবণ ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার বিকেলে রাজধানীল মান্ডায় আগামী সিটি নির্বাচনে প্রচার-প্রচারণায় নেমে তিনি এসব কথা বলেন।
তাপস বলেন, আপনাদের সমর্থন পেয়ে যদি দায়িত্ব পাই প্রথম ৯০ দিনের মধ্যে সকল মৌলিক নাগরিক সেবা আপনাদের দোরগোড়ায় হবে।
তাপস বলেন, আমাদের ঢাকা হবে ঐতিহ্যের ঢাকা। আমরা আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনব। প্রতিটি ওয়ার্ডে আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত কমিউনিটি সেন্টার হবে। খেলার মাঠ হবে। ওয়াকওয়ে হবো। সেখানে আমাদের ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারবে। মা বোনেরা হাটাহাটি করতে পারবে সেরকম ব্যবস্থা আমরা করতে চাই। আমরা চাই সুন্দর ঢাকা। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আমরা চাই সচল ঢাকা। প্রধানমন্ত্রী আমাদের মেট্টোরেল করে দিচ্ছেন, ফ্লাইওভার করে দিয়েছেন তারপর গন্তব্যে পৌছাতে সংগ্রাম করা লাগে। আমরা সেই অচল ঢাকাকে সচলে রুপান্তর করতে চাই। মৌলিক নাগরিক সেবাগুলো আমরা জনগণের দোরগোড়ায় পৌছিয়ে দিতে চাই।
তিনি বলেন, আমরা সুশাসিত ঢাকা চাই। যে সুশাসনের আওতায় আমরা পঞ্চায়েত ব্যবস্থা ফিরিয়ে আনবো। সাথে সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে দুনীর্তিমুক্ত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করবো। যার মাধ্যমে ঢাকাবাসি তাদের মৌলিক নাগরিক সেবাগুলো তাদের দোরগোড়ায় পাবে। প্রযুক্তি ব্যবহার করে আমরা সেবাগুলো ২৪ঘণ্টা কার্যকর রাখবো।
এই ঢাকা আমাদের প্রাণের ঢাকা। ঢাকাকে আমরা উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলবো। ৩০বছরের দীর্ঘ মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করবো। যার আওতায় অবকাঠামো উন্নয়ন আমরা করবো। রাস্তাঘাট, নর্দমা, জলাবদ্ধতা নিরসন সহ সব ধরণের উন্নয়ন মূলক কাজ আমরা হাতে নিবো। আমাদের প্রতিটি উন্নয়ন মূলক কাজ অন্তত ১০ বছরের স্থায়িত্বে আমরা নির্মাণ করবো।
তিনি বলেন, এটুকু বলতে পারি আপনারা যদি আগামী ৩০ জানুয়ারি আমাকে নৌকা প্রতীকে রায় দেন আমি আপনাদের জন্য নিবেদিত হবো। পুরো সময় আমাদের জন্য সততা, নিষ্টা ও আকাগ্রতার সাথে কাজ করবো। আপনাদের সকল মৌলিক সেবা দোরগোড়ায় পৌছে দিব।
এর আগে সোমবার সকাল থেকে মানিক নগর বাস স্ট্যান্ডে জড়ো হতে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল ও নানা স্লোগানে তারা মুখর করে তুলে আশপাশের এলাকা। স্থানীয় কাউন্সিলর ও নেতাকর্মীরা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। পরে দলের নেতা-কর্মীদের নিয়ে মেয়র পদপ্রার্থী তাপস মানিক নগর হয়ে মান্ডা এলাকার বিভিন্ন সড়কে গণসংযোগ চালিয়ে সন্ধ্যা পর্যন্ত। এর আগে শুক্রবার সকাল থেকে রাজধানীর ডেমরা, ওয়ারি সহ বিভিন্ন এলাকায় তিনি প্রচার প্রচারণা চালিয়েছেন।
প্রথমবারের মতো ঢাকা সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকা ১০আসনের সাবেক এমপি শেখ ফজলে নূর তাপস। তিনি টানা তিনবার ওই আসন থেকে সংসদ সদস্য ছিলেন।





