আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির অন্তর্গত ১৭০টি ভোটকেন্দ্র দখলের পায়তারা ও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গোপীবাগের ব্রাদার্স ক্লাব চত্বর থেকে শেষ দিনের মতো প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরুর সময় তিনি এ অভিযোগ করেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ঢাকাবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকেসহ কাউন্সিলর প্রার্থীদের জয়যুক্ত করবে। আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ইশতেহারে যে রূপরেখা দিয়েছি, তা ঢাকাবাসী স্বতস্ফূর্তভাবে গ্রহণ করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, আমাদের এই প্রাণের ঢাকা, যে ঢাকাকে আমরা ভালবাসি, এই ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ার এটাই সুযোগ আগামী পহেলা ফেরুয়ারি।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন। তাই দলমত নির্বিশেষে ঢাকাবাসীর কাছে আবেদন করবো- আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। একজন ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করে একজন দক্ষ ও যোগ্য ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন।

ব্যারিস্টার তাপস বলেন, আপনাদের প্রতিটি ভোট আমাদের কাছে আমানত। উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে কাউন্সিলরসহ আমরা একাগ্রতা, সততা ও নিষ্ঠার সাথে নির্বাচিত হয়ে আপনাদের সেবায় কাজ করবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সংসদ সদস্য হিসেবে কাজ করতে গিয়েই নিজ থেকে তাগিদ অনুভব করেছি। ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলতে না পারলে আমাদের সব অর্জন ম্লান হয়ে যাবে। সেই তাগিদ থেকেই আমি মনোনয়ন প্রত্যাশী হয়েছি। আমি বিশ্বাস করি, সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করলে উন্নত ঢাকা গড়তে সেই দৃশ্যমান পরিবর্তন আগামী তিন বছরের মধ্যে ঢাকাবাসীর কাছে উপহার দিতে পারবো।

তিনি বলেন, আমি আশা করছি নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। আইন প্রয়োগকারী সংস্থা এবং নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করবো তারা যেন কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
আমরা কিছুটা শঙ্কিত। যদিও আমি আশা করবো সকল ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

তাপস বলেন, কোনো সন্ত্রাসী দিয়ে যদি ভোটকেন্দ্র দখল করার পায়তারা করা হয়, তাহলে ভোটারসহ ঢাকাবাসী তা প্রতিহত করবে। আমরা ভোটারদের সাথে থাকবো, ঢাকাবাসীর সাথে থাকবো। আমরা এটাও খবর পেয়েছি ঢাকা দক্ষিণ সিটির ১৭০টি ভোটকেন্দ্র দখলের পায়তারা ও ষড়যন্ত্র হচ্ছে। আমি নিন্দা জানাই। আমি অনুরোধ করবো আইন প্রয়োগকারী সংস্থা যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে।