বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখনো গণতন্ত্র ফিরে আসেনি, এখনো কর্তৃত্ববাদী শাসন, এখনো গুমের আতঙ্ক, এখনো মিথ্যা মামলার আতঙ্ক, এখনো যেকোনো সময়ে ক্রসফায়ারের আতঙ্ক। এর মধ্যেই আমরা যার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি করি তারা মানবতার পাশে দাড়াচ্ছি।

বৃহস্পতিবার সকালে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগঠনের সভাপতি সদ্য মরহুম শফিউল বারী বাবুর স্মরণে এই দোয়া মাহফিল হয়। স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েলের পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম বাবুল, ওমর ফারুক সাফিন, আনিসুর রহমান তালুকদার খোকন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, যুগ্ম সম্পাদক সাদরাজ জামান, যুবদলের মোরতাজুল করীম বাদরু, সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, স্বেচ্ছাসেবক দলের ইমতিয়াজ বকুল, মোঃ হারুন-অর-রশিদ, মোর্শেদ আলম, সরদার নুরুজ্জামান, এবিএম মুকুল, ফয়সাল আহমেদ।ছাত্রদলের হাফিজুর রহমান হাফিজ, ইকবাল হোসেন শ্যামল সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে বাবুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্কারী রফিকুল ইসলাম।

রুহুল কবির রিজভী সংক্ষিপ্ত বক্তব্যে শফিউল বারী বাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, এখন চারিদিকে যে দুর্দিন চলছে, এই দুর্দিনে শফিউল বারী বাবুও সামনের কাতারে থাকতো। দুর্দিনের একজন বলিষ্ঠ সিপাহশালাকে আন্দোলনের কাফেলা থেকে আমরা হারালাম। আমাদের চলমান এই আন্দোলন, এখনো গণতন্ত্র ফিরে আসেনি, এখনো কর্তৃত্ববাদী শাসন, এখনো গুমের আতঙ্ক, এখনো মিথ্যা মামলার আতঙ্ক, এখনো যেকোনো সময়ে ক্রসফায়ারের আতঙ্ক। এই আতঙ্কের মধ্যে যে সমস্ত নির্ভিক তরুণ, উদ্দিপ্ত তরুন মিছিলের সামনে থাকতো তার মধ্যে বাবু (শফিউল বারী বাবু) একজন। আমাদের মাঝে সেই বাবু নেই তবে আমরা সবসময় তাকে স্মরণ করবো।

উল্লেখ্য যে, গত ২৮ জুলাই শফিউল বারী বাবু ফুসফুস জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫১ বছর।