বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর শহর শাখার আমির সিরাজুস সালেহীনকে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘পুলিশ ১ মে বেলা পৌণে ১২টায় দিনাজপুর শহর শাখার আমির সিরাজুস সালেহীনকে ক্ষেত্রীপাড়ার রেনেসা ক্লাব এলাকার তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট ছিল না। বেশ কিছু দিন ধরে পুলিশ সারা দেশেই অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। গোটা দেশ এক বৃহৎ কারাগারে পরিণত হয়েছে। পবিত্র রমজান মাসে যখন মানুষের সাথে কোমল আচরণ করার কথা, তখন পুলিশ নিরীহ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করে জুলুম-নির্যাতন চালাচ্ছে। আমি পুলিশের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। জুলুম-নিপীড়ন চালিয়ে সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জুলুম-নিপীড়নের পরিণতি কখনো শুভ হয় না। গ্রেফতারকৃত সিরাজুস সালেহীনসহ সারাদেশে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
অপর এক যুক্ত বিবৃতিতে দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার আমির অধ্যক্ষ মো: আনিসুর রহমান ও সেক্রেটারি মাও: রবিউল ইসলাম সিরাজুস সালেহীনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি









