স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমাবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, `দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেণী-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করছে। একসাথে কাজ করতে গিয়ে কখনো কখনো ভুল বোঝাবুঝি হয়, আবার সময়ের সাথে সাথে তা নিরসনও হয়। বরিশালে যে অনাঙ্খাকিত ঘটনাটি ঘটেছে তা সমাধানের দিকে যাচ্ছে। সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করছে। আমি আশা করি এটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে।'
তিনি রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি করপোরেশন এবং প্রশাসনের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তা খুব শিগগিরেই সমাধান হবে।
মো. তাজুল ইসলাম বলেন, প্রাপ্ত তথ্যমতে সিটি করপোরেশনের লোকজন সেখানে কিছু অপ্রয়োজনীয় পোস্টার, বর্জ্য অপসারন করার জন্য গেলে প্রশাসনের কর্মচারীর সাথে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের মেয়র সেখানে সমস্যা মিমাংসা করতে যান।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সেখানে অবশ্যই কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যে কারণে ইউএনও হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আবার রাজনৈতিক নেতারা বলছেন তারা মিমাংসা করার জন্য সেখানে গেছেন। সেখানে আসলে কি হয়েছিলো সেটি এখন সময়ের ব্যবধানে জানা যাবে। আমরা সবাই স্ব স্ব পদে দায়িত্বশীল, সবাই প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, সে কারণে আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।
সিটি করপোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন হওয়ায় এ বিষয়ে কোন তদন্ত করা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাথমিকভাবে যেহেতু মামলা হয়েছে, পুলিশ তদন্ত করবে। আমাদের পক্ষ থেকে যদি তদন্ত করার দরকার হয়, প্রয়োজনে ঘটনার তদন্ত অবশ্যই করা হবে। এছাড়াও আমি মনে করি সংক্ষুদ্ধ কোন ব্যক্তি প্রতিকার পাওয়ার জন্য মামলা করে থাকেন। মামলা করা হয় সমস্যা সমাধানের জন্য। তদন্ত সাপেক্ষে কেউ যদি দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা তাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রেখেছে। সেখানে যেন কোনো অনাঙ্খাকিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সিটি কর্পোরেশনকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তারা তা পালন করছে। অন্যদিকে প্রশাসনের কর্মকর্তারাও শান্তিপূর্নভাবে তাদের দায়িত্ব পালন করছে।









