বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) আ ন ম শামসুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন ও আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতি আবুল খায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আবু নোমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ হোসাইন, ঢাকা কলেজ সভাপতি শফিউল আলম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আমিনুর রহমান, মতিউর রহমান, মোহাম্মদ আলী, আব্দুস সাত্তার সুমন, শরিফুল ইসলাম, আশরাফুল আলম ইমনসহ জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা শাখার আমির ও সেক্রেটারিবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, সাবেক সংসদ সদস্য (এমপি) আ ন ম শামসুল ইসলামকে অন্যায়ভাবে মধ্যরাতে নিজ বাসা থেকে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আটক করা হয়েছে। এছাড়াও গত দু’দিন আগে সেক্রেটারি জেনারেলসহ ৯ জন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত সরকার জনরোষ থেকে বাঁচতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই একের পর এক জামায়াত নেতৃবৃন্দকে গ্রেফতার করছে। গ্রেফতার ও কারারুদ্ধ করার মাধ্যমে ক্ষমতাসীন সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র এদেশের মুক্তিকামী মানুষ কখনোই বাস্তবায়ন করতে দেবে না। আমরা সাবেক সংসদ সদস্য (এমপি) জননেতা আ ন ম শামসুল ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে অবিলম্বে জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদসহ সারাদেশে আটককৃত সকল জামায়াত নেতাকর্মীকে মুক্তি দেয়ার আহ্বান জানাচ্ছি।
ড. মাসুদ আরো বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার গণতন্ত্রের কবর রচনা করে বাংলাদেশে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছে। তারা জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে বিরোধী দল ও মতকে নির্মূলের পথ বেছে নিয়েছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। কোনো স্বৈরশাসকের পরিণতিই ভালো হয়নি। অন্যায় অবিচার করে তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারেনি। আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই, এভাবে গ্রেফতার, রিমান্ড, জুলুম ও নির্যাতন করে জামায়াতে ইসলামীর মতো একটি আদর্শিক সংগঠনকে নির্মূল করা যাবে না।
তিনি এ সত্যটি উপলব্ধি করে সরকারকে রাজনৈতিক প্রতিহিংসার আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে তীব্র গণ-আন্দোলন গড়ে তোলার মাধ্যমে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মুক্তি দিতে বাধ্য করে সকল অন্যায়ের জবাব দেয়া হবে বলে জানান।
প্রেস বিজ্ঞপ্তি








