একিটি জাতীয় দৈনিক পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘তালেবান, আল-কায়েদা ও আইএসআইর সাথে জামায়াত কানেকশন’ শিরোনামে প্রকাশিত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
সংবাদটিতে জামায়াতে ইসলামী সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার একটি দৈনিকের শেষ পৃষ্ঠায় ‘তালেবান, আল-কায়েদা ও আইএসআইর সাথে জামায়াত কানেকশন’ শিরোনামে প্রকাশিত খবরে জামায়াতে ইসলামী ও জামায়াত নেতৃবৃন্দ সম্পর্কে যে সব কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। রিপোর্টে ‘বিভিন্ন সংগঠনের সাথে জামায়াতের কানেকশন এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত’ মর্মে যেসব কথা বলা হয়েছে তা সংশ্লিষ্ট প্রতিবেদকের মনগড়া বক্তব্য।
এছাড়া প্রতিবেদনে ‘আফগানিস্তানে তালেবান উত্থানে বাংলাদেশী উগ্রবাদীদের নিয়ে শঙ্কার মধ্যে যুবকের দল ভারত-পাকিস্তান হয়ে আফগানিস্তানে ‘হিজরত’র চেষ্টার পেছনে জামায়াতে ইসলামীর মদদ ও ইঙ্গিত আছে বলে মনে করেন তদন্তকারীরা’ মর্মে জামায়াতের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগের ইঙ্গিত করা হয়েছে তার সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। সংবাদপত্র নীতিমালা লঙ্ঘন করে, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে জামায়াতের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা পত্রিকাটির মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। আমি এই মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জামায়াতের বিরুদ্ধে এসব মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি পত্রিকাটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি








