বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনের কথা না বলে আমাদের একটা কথাই বলা উচিত। আর সেটা হলো সরকার পতনের কথা।

তিনি বলেন, সকল সংগঠন, দল-মত-নির্বিশেষে একত্রিত হলে আমাদের যে সরকার পতনের এক দফা তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স সাগর-রুনি হলে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে নির্দলীয় সরকা‌রের অধী‌নে নির্বাচ‌নের দা‌বি‌তে এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, আমার মনে হয় নির্দলীয় সরকার নিয়ে আমাদের আর আলোচনা করা উচিত নয়। আমাদের আলোচনা করা উচিত এক দফা শেখ হাসিনার পতন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশে এত সমস্যা, এইসব সমস্যা নিয়ে কথা না বলে যি‌নি সমস্যা তৈরি করেছেন তাকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাতে পারি তাহলে জনগণই কিন্তু সকল সমস্যার সমাধানের রাস্তা বের করে দিবে।

আলোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন বিএনপি'র চেয়ারপারসনের উপ‌দেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ: সালাম, হাবিবুর রহমান হাবিব, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার, জিনাফ সভাপতি মিয়া আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ইয়াকুব সরকার, আক্তারুল আলম ফারুক সংগঠনের সভাপতি জনী হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো: মহসিন হাবিব প্রমুখ।