বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শহীদ আবরার ফাহাদের খুনীরা সার্বভৌমত্বের দুশমন। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতায় বিপন্ন করতে চায় তারাই আবরারকে বর্বর ও নৃংশসভাবে পৈশাচিক কায়দায় পিটিয়ে হত্যা করেছে।

তিনি বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রমিশনের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের দ্বিতীয় শাহাদতবার্ষিকীতে মামলার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা: ইরান বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে ভৌগোলিকভাবে একটি মানচিত্র ও পতাকা অর্জন করলেও প্রকৃত স্বাধীনতার বাণী আজও নিভৃতে কাঁদছে। ১৯৪৭ সালে দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত-পাকিস্তান ভাগ হয়েছে। ১৯৭১ সালে আমরা পিন্ডির গোলামী ছিন্ন করেছি, আধিপত্যবাদী দিল্লির দাসত্ব মেনে নেয়ার জন্য নয়। ভারত মুক্তিযুদ্ধে সহযোগিতা করে ৫০ বছর বাংলাদেশকে শোষণ করছে। সীমান্ত হত্যা, ফারাক্কা বাঁধ নির্মাণ করে দেশকে মরুভূমিতে পরিণত করছে। তিস্তা, গঙ্গার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। তাঁবেদার সরকারকে ক্ষমতায় রেখে জাতীয় স্বার্থবিরোধী চুক্তির মাধ্যমে দেশের রাজনীতি, অর্থনীতি ও গণতন্ত্রকে ধ্বংসস্তুপে পরিণত করেছে।

ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, যুবমিশনের সদস্য সচিব সৈকত হোসেন চৌধুরী, ছাত্রমিশনের সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, পাঠাগার সম্পাদক মামুন অর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ ও কেন্দ্রীয় সদস্য হাসানুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি