বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, বর্তমান অশান্ত পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আল্লাহর নির্দেশিত ও বিশ্বনবী (সা.) এর অনুসৃত ইসলামি আদর্শের দিকেই ফিরে আসতে হবে।
শনিবার জামায়াতে ইসলামি ঢাকা জেলা দক্ষিণের আয়োজিত সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
নূরুল ইসলাম বুলবুল বলেন, রাসুল (সা.) ছিলেন বিশ্বমানবতার জন্য অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ। সুরা আহযাবের ২১ নং আয়াতে বলা হয়েছে, ‘তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে’। তার সুমহান চরিত্রে সমন্বয় ঘটেছিল করুণা, ক্ষমাশীলতা, বিনয়, সহিষ্ণুতা, সহমর্মিতা, শান্তিবাদিতা।
তিনি বলেন, সমগ্র জাজিরাতুল আরব যখন পৌত্তলিকতা, কুসংস্কার, অন্যায় ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই ঘোর তমসাচ্ছন্ন যুগেই মহান আল্লাহ রাব্বুল আলামীন সত্য, ন্যায়, কল্যাণ ও একত্ববাদ প্রতিষ্ঠায় মহানবী (সা.) কে অপার রহমত হিসেবে পাঠিয়েছিলেন। বিনয়, নম্রতা, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ সকল মানবিক গুণাবলীর সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তার নিষ্কলুষ চরিত্রে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত সর্বশ্রেষ্ঠ মহামানব। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য বিশ্বমানবতাকে তার অনুসৃত পথেই ফিরে আসতে হবে।
জেলা আমির মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মান্নান। জেলা সহকারি সেক্রেটারি এ, বি, এম কামাল হোসাইন, জামায়াত নেতা মাওলানা মুবিনুর রহমান ও আব্দুর রহমান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মাওলানা দেলাওয়ার হোসাইন বলেন, মূলত, ইসলাম থেকে বিচ্যুত হওয়ার কারণেই বিশ্ব আজ অশান্ত ও অস্থির হয়ে উঠেছে। জুলুম-নির্যাতন, অন্যায়-অনাচার, দ্বন্দ্ব-সংঘাত, পরশ্রীকাতরতা, নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, বৈষম্য, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এখন আমাদের নিত্যসঙ্গী। এই অবস্থায় অশান্ত পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে বিশ্বনবী (সা.) এর আদর্শ অনুসরণে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে হবে।
আলোচনা সভা শেষে জেলা আমির মাওলানা দেলাওয়ার হোসাইন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি









