জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এখন ছাত্রসংগঠন আছে কিন্তু কোনো প্রতিবাদী আন্দোলন নেই। তিনি বলেন, এক সময়ের সংগ্রাম-ঐতিহ্যে পরিপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলা প্রাঙ্গণ আজ অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয় না। সারাদেশে অন্যায়ের প্রতিবাদ হলেও সেখানে বটতলার কোনো অংশীদারিত্ব নেই।

শনিবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) দুই দিনব্যাপী ২৯তম কেন্দ্রীয় সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ইনু বলেন, স্বাধীনতা সংগ্রামের একজন কর্মী হিসেবে আমার মনে হয়, বটতলা এখন অচেনা হয়ে যাচ্ছে। এই বটতলা দেখে মনে হচ্ছে ছাত্র আন্দোলনের ধ্বংসস্তূপ, পুরাকীর্তি। আজকের বটতলা অনেক বেশি নিরব, এই সময়ের বটতলায় যখন আসি তখন দেখা যায়, ছাত্রসংগঠন আছে কিন্তু কোনো প্রতিবাদী আন্দোলন নেই, তারা রাজনৈতিক ক্ষমতার ক্ষুদে অংশীদার, নেতা-নেত্রীদের লাঠিয়াল, তল্পিবাহক ও তোষামোদকারী হিসেবে কাজ করে। জাতির বিবেক শিক্ষকরা আছেন কিন্তু তারা কথা বলেন না।

তিনি আরো বলেন, আমি এখনো হতাশ নই। এত কিছুর পরেও আমি এখানে এসেছি ধ্বংসস্তুপের ছাই উড়িয়ে দেখতে, এখনো দুই-একটা আগুনের ফুলকি পাওয়া যায় কি না। সেই আগুনের ফুলকির উত্তাপ নিয়ে আবার লড়াইয়ের মাঠে চলে যাবো এবং জাতির জন্য শেষ লড়াইটা চালাবো। জাতি আর নিরব বটতলা দেখতে চায় না। জাতি চায়, বটতলা আবার একদিন সরব হবে, অন্যায়েরর বিরুদ্ধে চিৎকারে ফেটে পড়বে।

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ছাত্রলীগের (জাসদ) ইতিহাস বাংলাদেশের ইতিহাস। আমাদের তারুণ্য, যৌবনের বেশিরভাগ সময় কেটেছে এই ক্যাম্পাসের রাজপথে। এক কাতারে মিছিল করেছি যাদের সাথে তাদের অনেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। ছাত্রলীগ সমাজতন্ত্রের শপথে বলিয়ান হয়ে সামনে আরো এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাসদের সদস্য ড. আনোয়ার হোসেন বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিল শিক্ষা, শান্তি ও প্রগতির মশাল হাতে নিয়ে। দেশের প্রত্যেকটি সংকটময় মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই সংগঠন। কিন্তু পঁচাত্তরের পর যখন সবকিছু দলীয়করণ শুরু হলো তখন আমরা আলাদা হয়ে যেতে বাধ্য হই। আমাদের মূলনীতি সমাজতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ সংগ্রাম করে যাবো।

‘তারুণ্যের বিদ্রোহে ভেসে যাক-অন্যায় আর বৈষম্যের বাঁধ’ স্লোগানকে সামনে রেখে ছাত্রলীগের (জাসদ) ২৯তম কেন্দ্রীয় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মো: আনোয়ারুল হক, সাবেক সভাপতি ওয়াদুর রহমান চু্ন্নু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম মন্ডলসহ সারাদেশ থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা।