ঢাকা, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রশিবিরের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশের হামলা-গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান অভিযোগ করেন, ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে পুলিশ হামলা ও গ্রেফতার করে আরেকটি ঘৃণ্য নজির স্থাপন করেছে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগানোর সময় বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়াই ঢাকায় দু’জন, খুলনায় দু’জন, রাজশাহীতে তিনজন ও পটুয়াখালীতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইভাবে ৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র্যালিতে হামলা চালিয়ে ঢাকায় সাতজন, পাবনায় পাঁচজন, বাগেরহাটে দু’জন, যশোরে দু’জন, চাঁপাইনবাবগঞ্জে দু’জনকে গ্রেফতার করেছে। অতর্কিত হামলা ও গুলি চালিয়ে গাজীপুর মহানগরীর ২৫জন নেতাকর্মীকে আহত করেছে।
নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির বিগত ৪৫ বছরে গঠনমূলক নানা কর্মসূচির মাধ্যমে এদেশের আপামর জনতার হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। জনসম্পৃক্ত ও বৈধ সংগঠন হিসেবে স্বাধীনভাবে কর্মসূচি পালনের আইনি ও সাংবিধানিক অধিকার ছাত্রশিবিরের রয়েছে। কিন্তু, পুলিশ বরাবরই শিবিরের সাথে বিমাতাসুলভ আচরণ করে আসছে। শিবিরের বিভিন্ন কর্মসূচিতে হামলা ও গ্রেফতার অভিযান চালিয়ে ঘৃণ্য নজির স্থাপন করেছে পুলিশ।
এমন ঘৃন্য আচরণ কোনভাবেই কাম্য নয়। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশ আরো ৩২জনকে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছে। আমরা আশা করি, অবিলম্বে গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি দিয়ে পুলিশ দায়িত্বশীলতার পরিচয় দিবে।








