সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ অক্টোবর) রাতে সারাদেশের আইনজীবী ফোরামের সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ৩৫১ জন ডেলিগেটের সরাসরি ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে আইনজীবীদের এক সভায় এ নির্বাচন সম্পন্ন হয়।
এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ ফোরামের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির বাকি পদগুলো পরে পূরণ করা হবে বলে জানা গেছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব নির্বাচিত করায় ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আইনের শাসন ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যে চলমান আন্দোলন চলছে তাতে দেশের আইনজীবী সমাজ অতীতের মতো গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে।
এর আগে, ২০১৯ সালের ৩ অক্টোবর সুপ্রিম কোর্টের বারের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের কমিটি করা হয়। এ আহ্বায়ক কমিটিতে একজন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, ৯ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৬৭ জন সদস্য রাখা হয়েছিল।





