সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ফৌজদারি আইন বিশেষজ্ঞ, প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
২৩ অক্টোবর হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র আইনজীবী মাহবুবুর রহমান দুলাল জানান, স্যারের অবস্থা আগের চেয়ে ভালো। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছে। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তবে শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন এবং নামাজও পড়তে পারছেন। খন্দকার মাহবুব হোসেন শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ডা: শামস মনোয়ারের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খন্দকার মাহবুব হোসেন। শারীরিক অবস্থা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আরো এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে বলে ডাক্তাররা জানিয়েছেন।
খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র আইনজীবীরা জানান, স্যার কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে চেকআপ করে এসেছেন। বড় ধরনের কোনো সমস্যা নেই তার শরীরে। স্যারের এখন বয়স ৮৬ বছর।’
এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রবীণ এই আইনজীবী। তখন শারীরিক অবস্থার অবনতি হলে কিছুদিন তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়েছিল। পরে আইসিইউ থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি। সবশেষ গত ২৩ অক্টোবর স্বাস্থ্যের অবনতি হওয়ার আবারো তাকে হাসপাতালে ভর্তি করা হয়।





