দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) ভারপ্রাপ্ত মহাসচিব শেখ জুলফিকার বুলবুলকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দলটির ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফাখরুজ্জামান খানের সভাপত্বিতে বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ব্যারিস্টার নাছিম খানকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়েছে। ২৭ ডিসেম্বর থেকেই তিনি এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার দলটির ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফাখরুজ্জামান খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর বনানীর দলীয় কার্যালয়ে বিশেষ জরুরি সভায় অনুষ্ঠিত হয়। আলোচ্য সূচি আলোচনার পর সভা মুলতবী রাখা হয়। ২৭ ডিসেম্বর পুনরায় আলোচনা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় দলটির স্থায়ী কমিটিসহ কেন্দ্রীয় কমিটির নেতা বেগম আক্তার জাহান রুকু, নাসিম খান, প্রিন্সিপাল ফকির রেজা উদ্দিন রাজা, সিরাজুল ইসলাম, নাসরিন খান, শিরিন খান, সারোওয়ারী আলম খান, মো: আজিজুর রহমান লিটন, জাফর ইমাম হিমেল, বুলবুল হাজারী ও শেখ জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।





