ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় এলাকায় সমাবেশস্থলে যাওয়ার পথে তিন ঘণ্টার বেশি সময় বাসের মধ্যে দাঁড়িয়ে থেকে হাত নাড়িয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন তারেক রহমান। পরে পুরোটা সময় তিনি বাস দাঁড়িয়ে থাকেন এবং অব্যাহতভাবে হাত নাড়তে থাকেন।
এর আগে, সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তার আগে, লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইট সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং বেলা ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে ঢাকায় ফিরলেন তারেক রহমান। তার সাথে স্ত্রী ডা: জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।
ঢাকার বিমানবন্দর থেকে বের হয়ে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান এবং হাতে একমুঠো মাটি নেন। এরপর বাসে ওঠেন তিনি।









