বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবনতি হচ্ছে, সেজন্য তার ওপরে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অন্যায় জুলুম দায়ী।
আজ শনিবার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, দেশের প্রথিতযশা চিকিৎসক যারা রয়েছেন, তারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন। এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব, আমি বলব তার চেয়েও বেশি তারা চেষ্টা করছেন; বিশ্বাস করি।
তিনি বলেন, আজকে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষরা ঘরে বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। চোখে না দেখলে, বিশ্বাস হয় না মানুষ তাকে কিভাবে এত ভালোবাসে!
ড. মঈন খান বলেন, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে দিন। যিনি গণতন্ত্রের সাধক এবং সারা বাংলাদেশের মানুষ যাকে আপসহীন নেত্রী হিসেবে জানেন, তিনি কোনো অন্যায় নীতির সাথে কোনোদিন আপস করেন নাই। মহান আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন, এই প্রত্যাশা রাখছি।








