শহীদ ইমাম হাসান তায়েমের বড় ভাই রবিউল ইসলাম বলেন, আমার ভাইয়ের মত আরো প্রায় ২ হাজার মায়ের সন্তান তাদের জীবন দিয়ে প্রায় ২৫ হাজার মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে, রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। যে কারণে আমরা স্বাধীনতার সবাই ভোগ করছি।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, আজকে স্বাধীনতার এক বছর হয়ে গেল কিন্তু বিচারের কোনো অগ্রগতি নেই। এক বছর হয়ে গেছে অথচ আনুষ্ঠানিকভাবে একটা মামলারও বিচার শুরু হয় নাই। এক বছর হয়ে গেছে আজকে জুলাই প্রকলেমেশন পর্যন্ত দেয়া হয় নাই। আমি জানি না এটা সরকারের সফলতা নাকি ব্যর্থতা এটা উনারাই ভালো জানেন। আজকে এক বছর পরেও বিচারের জন্য শহীদ পরিবারকে রাস্তায় নামতে হয়।

তিনি বলেন, বাংলার জনগণ এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে, রক্ত দিয়ে, ভোগবিলাসিতা করার জন্য ক্ষমতার মসনদে বসায়নি। আমি সরকারকে আহ্বান করব অনুরোধ করব আপনারা বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। আপনারা অতি দ্রুত এই জুলাই প্রক্লেমেশন দেন। শহীদ এবং আহত ভাইদের পুনর্বাসন করেন। তা না হলে বাংলার জনগণের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন।