গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা এবং বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ সাধারণ জনতা।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এ বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি সাভার মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

এছাড়া জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইনবিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সেক্রেটারি লুতফর রহমান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার থানা আমির মুহাম্মদ আব্দুল কাদের প্রমুখ।

সমাবেশে ঢাকা ১৯ আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, ‘ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনে নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো অবস্থান নেয়া প্রয়োজন।’

সভাপতির বক্তব্যে জেলা আমির দেলোয়ার হোসাইন বলেন, ‘আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সমর্থন জানাই।’ এছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অন্যদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ মুসলিম জনতা।

এদিন দুপুরে আশুলিয়ার জামগড়া রাস্তা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শিমুলতা মহাসড়ক পর্যন্ত প্রদক্ষিণ করে এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

বিক্ষোভকারীদের কণ্ঠে শোনা যায়, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’, ‘সারা বিশ্বের মুসলমান, লড়াই করো-লড়াই করো’, ‘ইসরায়েলের ঠিকানা, এই দুনিয়ায় হবে না’।

এদিকে বিক্ষোভ মিছিলে জামগড়া এলাকার বিভিন্ন গার্মেন্টস শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সংহতি জানাচ্ছেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে। শান্তিপূর্ণ এ কর্মসূচি চলাকালীন সড়কে যান চলাচলে সাময়িক কিছুটা সমস্যা হলেও কিছুক্ষণ পরেই যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।

এছাড়া ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ধামরাইয়ে। বিজ্ঞপ্তি