আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য অস্ট্রেলিয়া সহায়তা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, ‘শিক্ষা ও কৃষি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ায় অনেক বাংলাদেশী থাকেন। সেখানে দু’ দেশের কিছু সমস্যা আছে, সেই বিষয় কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়।’

তিনি বলেন, ‘স্বাভাবিকভাবেই বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে প্রস্তুতির কথা আলোচনা হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে এখানে। নির্বাচন কমিশনে বড় ধরনের একটা সহায়তা তারা সবসময় করে থাক। ইতোমধ্যে তারা সেটা করছে। একটা সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়, এজন্য তাদের সহায়তা থাকবে।’

তিনি আরো বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচনে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছে বিগত তিন-চারটা নির্বাচন বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা মনে করছে আগামী নির্বাচনে ভোটারের উপস্থিতি খুবই ভালো হবে। সকল শ্রেণি-পেশার মানুষ উচ্ছ্বাসের সাথে ভোট দিতে যাবে।’

‘সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি। অনেক আগে থেকেই। বাংলাদেশের সব সময় সংস্কারের উদ্যোগটা নিয়েছে বিএনপি। সুতরাং এবারো তাই হয়েছে।’