আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা দেশের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করে বলেছেন, ‘আমাদের নারী শ্রমিকরা দ্বিগুণ বৈষম্যের শিকার – একদিকে কর্মক্ষেত্রে বৈষম্য, অন্যদিকে সামাজিক নিরাপত্তাহীনতা রয়েছে।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা আরো বলেন, ‘শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমের ওপরই শিল্প,কৃষি ও উৎপাদন ব্যবস্থা দাঁড়িয়ে আছে। অথচ দুঃখজনকভাবে আমাদের দেশে এখনো বহু শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত।’

তিনি বলেন, ‘আমাদের দেশে বিশাল সংখ্যক নারী শ্রমিক রয়েছে। তাদের অধিকার রক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।’

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘রাসূলের (সা:) সুন্নাত হলো শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দেয়া।’

তিনি শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শ্রম আইন যথাযথ বাস্তবায়ন এবং কর্মপরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

জামায়াতের এই নারী নেত্রী বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু একটি দিবস নয়; এটি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। আসুন, আমরা সবাই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হই এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি।’

সবশেষ তিনি দেশের সকল শ্রমিকের কল্যাণ, নিরাপত্তা ও উন্নতি কামনা করেন।