সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২ জুলাই) গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনটি দলের সাথে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
খসরু বলেন, যেকোনো মৌলিক পরিবর্তন আনতে হলে জনগণের নির্বাচিত সংসদের ভোট প্রয়োজন। সব বিষয়ে ঐকমত্য হবে না, যা বাইরে থাকবে তা জনগণের মতামতের মাধ্যমে করতে হবে।
প্রথম বৈঠক : বাংলাদেশ জন অধিকার পার্টি
দিনের প্রথম বৈঠক শুরু হয় বিকেল ৩টা ২০ মিনিটে। এতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ইসমাইল সম্রাট ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।
দ্বিতীয় বৈঠক : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
এরপর বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৪৭ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাথে বৈঠক।
বিজেপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, মহাসচিব আব্দুল মতিন সাউদ, যুগ্ম মহাসচিব আকবর হোসেন, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ এবং সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর।
এ বৈঠকেও বিএনপির পক্ষে একই দুই নেতা উপস্থিত ছিলেন।
তৃতীয় বৈঠক : আমজনতা দল
বিকেল ৫টা ৫ মিনিটে শুরু হয় দিনের তৃতীয় বৈঠক, যেখানে বিএনপি লিয়াজোঁ কমিটি বৈঠকে বসে আমজনতা দলের নেতৃবৃন্দের সাথে।
আমজনতা দলের পক্ষে উপস্থিত ছিলেন দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান এবং সাধারণ সম্পাদক তারেক রহমান।








