সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে এক আবেগঘন বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী। তার বক্তব্যে তিনি ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত ভাইয়ের শাহাদাতের বিচার দাবি করে বলেন, বিচার না পেলে আমার ভাইদের ফিরিয়ে দিন।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এ বলেন।

রমজান আলী বলেন, "আমি আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে। সেটা ১৬ জুলাই যখন শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল, যেই কারণে সেই কারণের বাস্তবতা কি আমরা আজকে পেয়েছি নাকি? যদি সেই শহীদ ভাইয়ের বিচার আমরা না পাই, তাহলে আমাদের এই শহীদ ভাইদেরকে আমরা ফেরত চাই।"

শহীদ ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়ে রমজান আলী বলেন, "আজকে দীর্ঘ এক বছর পেরিয়ে গেল কিন্তু আজ পর্যন্ত আমরা এই বাংলার মাটিতে একটি শহীদ ভাইয়ের বিচার পাইনি। আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই? আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের বিচার করতে হবে। এর আগে বাংলাদেশে আর কোনো নির্বাচনের দরকার নেই। ফ্যাসিবাদ সরকারের দোসররা জায়গায় জায়গায় ঘাঁটি গেড়ে আছে, তারা পায়তারা চালাচ্ছে।"

তিনি বলেন, যদি শহীদ ভাইদের বিচার হয় এবং ফ্যাসিবাদী শক্তি বিচারের আওতায় আসে, তাহলেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এবং মানুষের ভোটের অধিকার ফিরে আসবে।