বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘দেশের সাহসী তরুণরা আমাদের পথ দেখিয়েছেন। তাদের রক্তের পথ ধরে আমরা সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।’

তিনি বলেন, দেশের কল্যাণে আলেম সমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে, কিন্তু এক শ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী সেই অগ্রযাত্রার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর একটি অডিটোরিয়ামে পল্টন থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত আলেমে দ্বীন ও ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও আল্লাহভীরু প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আলেমসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দলীয় এমপিরা কোনো গাড়ি বা ফ্ল্যাট গ্রহণ করবে না এবং দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। চাঁদাবাজি নির্মূল, যানজট ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়া হবে। জামায়াতে ইসলামী দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতে দেবে না, সন্ত্রাসী-চাঁদাবাজি করবে না, কাউকে তা করতে দেবে না।’

তিনি আরো বলেন, ‘আলেমদের ঐক্যের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী একটি আলোকিত, বৈষম্যহীন, কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। এজন্য দলমত নির্বিশেষে আলেম সমাজের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমদ খানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাওলানা ড. জাকারিয়া নুর। তিনি বলেন, ‘বাংলাদেশে যখনই আলেম সমাজ দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়, তখনই ইসলামবিদ্বেষী শক্তি পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। শাপলা চত্বরে আলেমদের ওপর গণহত্যা চালানো হয়েছিল ইসলামের অগ্রযাত্রা থামিয়ে দেয়ার জন্য। জামায়াতের কার্যক্রমে আলেম সমাজের ভালোবাসা ও আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে আলেমসমাজ ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে।’

ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পল্টন থানা সহকারী সেক্রেটারি এনামুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরুল আফসার, মোহাম্মাদ আল-আমীন রাসেল এবং বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির মহাসচিব কাজি মাওলানা ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি