গণঅধিকার পরিষদ,করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২ মার্চ) করিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে আজকে এভাবে আমরা ইফতার মাহফিল করতে পারতাম কিনা সন্দেহ রয়েছে। বিগত সময়ে আপনারা দেখেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো যেখানেই ইফতার মাহফিল করেছে সেখানেই স্বৈরাচার আওয়ামি লীগ হামলা করেছে। ছাত্র জনতার আন্দোলনের সফলতার ফলে আজকে আমরা এক হতে পেরেছি, জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য আমাদের ধরে রাখতে হবে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এই দেশে তরুণদের রাজনৈতিকভাবে সচেতন করেছে। তরুণদেরকে রাজনীতিতে আকৃষ্ট করেছে সেই কোটা সংস্কার আন্দোলন। অধিকারের বিষয়ে তরুণদের সম্পৃক্ত করেছিলো সেই কোটা সংস্কার আন্দোলন।

তিনি আরো বলেন, ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পর শুধু এই দেশে নয় বিশ্বের নজিরবিহীন ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। আমরা সেই তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহবান জানাচ্ছি। তরুণরা ঐক্যবদ্ধ হলে দেশের জন্য মঙ্গল। এই ঐক্যবদ্ধ তরুণরা ২৪ সালে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। তাই দেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে হলে রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে।

তিনি বলেন, রাজনীতিতে মেধাবী তরুণদের যুক্ত হতে, তবেই আগামীর সংসদ তরুণদের হবে। এই করিমগঞ্জ থেকে বিগত সময়ে এমপি হয়েছিল মজিবুল হক চুন্নু, কখনো বিনা ভোটে,কখনো রাতের ভোটে কখনও ডামি ভোটে। এই চুন্নুর মত জাতীয় বেঈমানদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এরা দেশের শত্রু,জনগণের শত্রু,গণতন্ত্রের শত্রু। এটা দেশ ও জাতির কখনো ভালো চায় না। এরা বিগত সময়ে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে হাসিনাকে সহযোগিতা করেছ,এদের বিচার হওয়া উচিত। করিমগঞ্জের মানুষের প্রতি আমাদের আহবান থাকবে আপনারা জাতীয় বেঈমানদের সামাজিকভাবে বর্জন করুন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পর দেশ একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল। ড.ইউনূস সরকার যখন দায়িত্ব নেয়,তখন প্রশাসন বলতে কিছুই ছিলো না,সকল রাষ্ট্রযন্ত্র অচল ছিলো,সেই অবস্থা থেকে গত কয়েক মাসে নিরলসভাবে কাজ করে একটা ধ্বংসস্তূপ থেকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন ড. ইউনুস। ইতোমধ্যে অর্থনীতির অবস্থা ভালো হচ্ছে, সামনে আরো এগিয়ে যাবে। সবার উচিত এই সরকার কে সহযোগিতা করা।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলার আহ্বায়ক অধ্যক্ষ সামছুল ইসলাম,সঞ্চালনা করেন সদস্য সচিব জাহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, অভি চৌধুরী, কিশোরগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল,ঢাকা মহানগর ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত হোসেন প্রমুখ।