আজকে খুকি রাগ করেছে
ক’জন সেটা জানে?
রাকিব মামা পায় না খুঁজে
খুকির রাগের মানে।
যেথায় খুকির পুতুল থাকে
সেখানটাতে ফাঁকা
শান্তিমতো কোনো জিনিস
যায় না কোথাও রাখা।
সব বিষয়ে নাক গলাবে
দস্যি ছোট বোনে
মন যেটা চায় সেটাই করে
নিষেধ কী আর শোনে?
রাগ করে তাই খায়নি খুকি
তাই লেগেছে ক্ষিধে
ভাবছে বসে রাগলে দেখি
ভীষণ অসুবিধে!
ক্ষিধের চোটে চুপটি করে
খাচ্ছে যখন রুটি
আড়াল থেকে সবাই দেখে
হেসেই কুটি কুটি।
