পূব আকাশে সূর্য ভাসে
বিলে আমন আউশ হাসে
হালকা হাওয়ায় ফড়িং নাচে
রূপেরখনি ধানের গাছে

ভোর সকালে শিশিরমাখা
রঙবে রঙের ছবি আঁকা
জুড়ায় হৃদয় জুড়ায় আঁখি
পাখির কণ্ঠে ডাকাডাকি

খেজুর গাছে রসের হাঁড়ি
খুশবু মাতায় সবার বাড়ি
পিঠেপুলির উৎসবে রোজ
পাড়াপড়শি রাখে যে খোঁজ

গভীর রাতে পুঁথি পড়ে
কোকিল কণ্ঠে হৃদয় ভরে
নেই ভেদাভেদ নেই অভিমান
গায় যে সবাই সাম্যের গান

দেখতে দারূণ হেমন্ত রূপ
শিশির নামে টপটপাটুপ
মিষ্টি রোদের হালকা ছোঁয়া
স্বচ্ছ আকাশ নেই তো ধোঁয়া।