আয়রে আমার খেলার সাথী দুষ্টু ছেলের দল
হেমন্তেরই মাঠ শুকালো-খেলতে মাঠে চল
সূর্য হাসে পূর্বাকাশে
দেখব চেয়ে দুর্বাঘাসে
দেখব চেয়ে ধানের শীষে শিশির টলমল।
বর্ষা গেল অলস বসে, সুদিন ফিরে এলো
কৃষক যেন নতুন করে জীবন খুঁজে পেল।
সোঁদা মাটির গন্ধ মেখে
পাকা ধানের ছন্দ দেখে
বিদ্যালয়ের পড়া ভুলে করব কোলাহল।
দাঁড়িয়াবান্ধা গোল্লাছুট খেলায় করে জুটি
নরম মাঠে যেমন খুশি করব ছোটাছুটি।
এসব খেলায় নিয়ম নীতি
আমরা বানাই, হারি জিতি
নাই দর্শক নাই রেফারি দেখতে ফলাফল।
