ঘাসের ওপর দুই পা রাখি
আমরা যখন হাঁটতে থাকি
জারুল গাছের শাখায় তখন
গান জুড়ে দেয় দোয়েল পাখি।

নদীর বুকে জালটা ফেলে
মাছ ধরে এই পাড়ার জেলে
নৌকা চালায় ঘাটের মাঝি
ডিগবাজি খায় দামাল ছেলে।

শাপলা ফোটা বিলের ঘাটে
ডানকানা মাছ সাঁতার কাটে
হিজল গাছে শঙ্খচিলে
শিকার ধরার ফন্দি আঁটে।

আমরা যখন ডাকি মাকে
এই দুনিয়া সচল থাকে
ফুল পাতা আর ঘাসফড়িংয়ে
চোখ জুড়ানো দৃশ্য আঁকে।

আমরা যদি কষ্টে থাকি
হাসবে না ঐ চাঁদের আঁখি
থমকে যাবে নদীর চলা
গান গাবে না বনের পাখি।