টিনের চালে টাপুর টুপুর
যেন বৃষ্টি ঝরে,
বৃষ্টি তো নই তুষার বায়ে
হেমন্ত শীত পড়ে।

শিশির ভেজা দূর্বা ঘাসে
বিন্দু জলের মেলা,
নরম পায়ে কিশোর ছুটে
হৈ হুল্লোড়ে খেলা।

হলদে সূর্যে চক্ষু মেলে
মিট মিটিয়ে চেয়ে,
ফুলের কলি পাখির গানে
উষ্ণ হাওয়ায় গেয়ে।

কি অপরূপ নদীর ঘাটে
কলসি বধূর কাঁখে,
হেমন্ত ভোর রাঙিয়ে দেয়
সবুজ শ্যামল শাখে।